Wednesday, 18 February 2026 • 6:12 AM

আসামি থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলা, গুরুতর আহত ৫ সদস্য

January 13, 2026 👁️ 38

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার একটি মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতারের পর থানায় আনার পথে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, কয়েকদিন আগে স্থানীয় রাসেল নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন আরিফুল ইসলাম ও তার সহযোগিরা। ওই ঘটনায় রাসেল বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পুলিশ দল দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেফতার করে। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় তার বাবা সাগর আলীর নেতৃত্বে কয়েকশো লোক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে এবং হাতকড়াসহ আসামি আরিফুল ইসলামকে ছিনিয়ে নিয়ে যায়।

হামলায় আহত পাঁচ পুলিশ সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই ফরিদ আহমেদ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি অত্যন্ত গুরুতর অপরাধ। এ ঘটনায় আসামির বাবা সাগর আলীকে আটক করা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে টহল দেন। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলায় জড়িতদের গ্রেফতারে যৌথ অভিযান চলছে।

Comments

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *