কিছু লোক ইসলামি লেবাসে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে : চরমোনাই পীর
কিছু লোক ইসলামি লেবাসে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
রবিবার রাতে নোয়াখালীর সোনাইমুড়ীতে নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনে হাতপাখার প্রার্থী জহিরুল ইসলামের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় এ সব কথা বলেন তিনি। সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জনসভাটি আয়োজিত হয়।
তিনি বলেন, ‘কিছু সোনা যেমন দেখতে আসল মনে হলেও ভেতরে ইমিটেশন থাকে, তেমনি কিছু লোক ইসলামের লেবাস পরে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে। ’
রেজাউল করীম আরও বলেন, ‘একটি বিশেষ গোষ্ঠী ইসলামের নাম ব্যবহার করে আসলে আমেরিকা ও ভারতের মতো দেশগুলোর আদর্শ এবং বিদেশি সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়। তারা আসলে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে। বর্তমানে প্রচলিত নিয়মে দেশ পরিচালনার ফলে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ।’
তিনি আরও বলেন, ‘৫৪ বছর ধরে মানুষ যে নীতি-আদর্শে চলছিল, সেই নীতি-আদর্শের কারণে এ দেশের মানুষ যা চেয়েছিল, তা পায়নি। ৫ বারের মতো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্বের কাছে দুর্নীতি করে দেশকে অপমানিত করেছে। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। এদের পরিচালনায় দেশের টাকা পাচার হয়েছে। গত ২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামের পক্ষে আওয়াজ উঠেছে। একটি দল ইসলামের পরিবর্তে ক্ষমতায় লোভী হয়ে গেছে।’
এ সময় ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের কাছে ফুল দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী তাদের দলে যোগ দেন।

Leave a Reply