Wednesday, 18 February 2026 • 6:13 AM

দিনাজপুরে জেলা কাব ক্যাম্পুরী শুরু

কাব স্কাউটদের চার দিনব্যাপী বৃহৎ মিলনমেলা ৭ম দিনাজপুর জেলা কাব ক্যাম্পুরী-২০২৬ শুরু হয়েছে। এ ক্যাম্পুরী কার্যক্রম আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে।

রবিবার বিকেলে গোর-এ শহীদ বড়মাঠে ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মো. রফিকুল ইসলাম।

ক্যাম্পুরীর কর্মসূচিতে কাব স্কাউটদের জন্য শিবির জীবন, দলগত খেলা, কাব স্কিল প্রদর্শনী, ক্যাম্প ফায়ার ও নেতৃত্ব বিকাশমূলক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। ক্যাম্পুরীতে রোভার সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে নিরলস কাজ করছেন। 

আয়োজকরা জানান, চার দিনব্যাপী এ ক্যাম্পুরীতে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার ৭৪টি ইউনিট অংশগ্রহণ করছে। প্রতিটি ইউনিট থেকে ৬ জন কাব সদস্য ও একজন ইউনিট লিডার মিলিয়ে সর্বমোট ৬৫০-৭০০ জন কাব, স্কাউট ও রোভার অংশগ্রহণ করেছেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ জামান। 

এ সময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক সৈকত হোসেন, জেলা স্কাউট সম্পাদক আকরাম হোসেন, জেলা কাব লিডার ও প্রোগ্রাম চিফ মোহিদুল ইসলামসহ স্কাউট আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, কাব স্কাউট কার্যক্রম শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে ভূমিকা রাখে। শৈশব থেকেই স্কাউটিংয়ের শিক্ষা শিশুদের ভবিষ্যৎ জীবনে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। 

Comments

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *