Wednesday, 18 February 2026 • 8:31 AM

অস্কার মনোনয়নের ভোটগ্রহণ শুরু, অংশ নেবেন ১১ হাজার ভোটার

সিনেমাজগতের মর্যাদাপূর্ণ আসর অস্কারের মনোনয়ন পর্বের আনুষ্ঠানিক ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ১৬ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। তারপরেই নির্ধারিত হবে কোন চলচ্চিত্রগুলো এ বছরের সোনালি ট্রফি জয়ের দৌড়ে টিকে থাকবে।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের মোট ১১ হাজার সদস্য ১৯টি ভিন্ন ভিন্ন শাখায় তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আগামী ২২ জানুয়ারি চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে।

সাম্প্রতিক বছরগুলোতে অ্যাকাডেমির সদস্যপদে আন্তর্জাতিক চলচ্চিত্রকারদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ভোটের ফলাফলে বড় ধরনের রদবদলের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে গোল্ডেন গ্লোব বিজয়ী ক্লেবার মেন্ডোসা ফিলহোর ‘দ্য সিক্রেট এজেন্ট’ এবং এই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পাওয়া ওয়াগনার মউরা অস্কারের মনোনয়নে বড় চমক দেখাতে পারেন।

এবারের অস্কারে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ‘অ্যাচিভমেন্ট ইন কাস্টিং’ বা সেরা অভিনয়শিল্পী নির্বাচন বিভাগ। নতুন এই ক্যাটাগরি নিয়ে ভোটারদের মধ্যে যেমন উৎসাহ আছে, তেমনি রয়েছে খানিকটা অনিশ্চয়তাও।

বিগত কয়েক দশকের রীতি অনুযায়ী, গোল্ডেন গ্লোবের জয়জয়কার অস্কারের মনোনয়নে বড় ভূমিকা রাখে। তবে গিল্ড অ্যাওয়ার্ডস এবং আন্তর্জাতিক সদস্যদের ভিন্নমতের কারণে অনেকসময় হিসেবে গরমিলও দেখা যায়। 

১৬ জানুয়ারি ভোটগ্রহণ শেষ হওয়ার পর সারা বিশ্বের নজর থাকবে ২২ জানুয়ারির দিকে, যেদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ৯৮তম অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা।

Comments

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *