দুইয়ে দুই সেমেনিও
ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েই জ্বলে উঠেছেন এই উইঙ্গার, ক্লাবের ১৭ বছরের অপেক্ষা ঘুচিয়ে গড়েছেন দারুণ কীর্তি।
বড় ক্লাব, জার্সির ওজন, প্রত্যাশার চাপ, সবকিছুকেই যেন বুড়ো আঙুল দেখিয়ে ছুটে চলেছেন অ্যান্টোয়ান সেমেনিও। ম্যানচেস্টার সিটির হয়ে দুই ম্যাচে মাঠে নেমে দুটিতেই জালের দেখা পেলেন এই উইঙ্গার।
ইংলিশ লিগ কাপের সেমি-ফাইনালের প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি।
ম্যাচের ৫৩তম মিনিটে জেরেমি ডোকুর ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে নেন সেমেনিও। গত শনিবার এফএ কাপের ম্যাচে গোল করেছিলেন তিনি সিটির জার্সিতে অভিষেকেই।
প্রায় ১৭ বছর পর সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম দুই ম্যাচেই গোলের স্বাদ পেলেন কোনো ফুটবলার। সবশেষ ২০০৯ সালে করেছিলেন এমানুয়েল আদেবায়োর।
পরে আরও একবার জালে বল পাঠিয়েছিলেন ২৬ বছর বয়সী উইঙ্গার। তবে অফসাইডের কারণে গোল হয়নি।
ম্যাচের শেষ দিকে যোগ করা সময়ের নবম মিনিটে ব্যবধান বাড়ান হায়ান শেহকি।।
সিটিতে যোগ দেওয়ার আগে বোর্নমাউথের হয়ে শেষ ম্যাচেও গোল করেছিলেন সেমেনিও। ম্যাচের পর তিনি বললেন, নতুন ক্লাবে দ্রুতই মানিয়ে নিচ্ছেন।
“এখানকার গোটা আবহ একদম নিখুঁত। সবাই আত্মবিশ্বাসী এবং সেরাটা অর্জন করতে চায়।”
“এখানে যোগ দিয়ে দ্রুতই সবকিছু ধরে ফেলার চেষ্টা করছি এবং উপভোগ করছি। বোর্নমাউথের আত্মবিশ্বাস এখানে বয়ে আনার চেষ্টা করছি এবং মুখে হাসি ধরে রেখে খেলার চেষ্টা করছি। প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।”

Leave a Reply