Monday, 16 February 2026 • 2:43 AM

ইরানে রেজা পাহলভির সমর্থন আদায়ের সক্ষমতা নিয়ে প্রশ্ন ট্রাম্পের

ইরানের সরকারবিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে বারবার দেশটিতে হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট।

ইরানের বিরোধী দলীয় নেতা রেজা পাহলভি ক্ষমতা দখল করার জন্য দেশটির ভেতরে যথেষ্ট জনসমর্থন আদায় করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

যদিও বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তার কাছে পাহলভিকে ‘চমৎকার মনে হচ্ছে’ বলে মন্তব্য করেছেন।

ইরানের সরকারবিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে বারবার দেশটিতে হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। ইরানের ধর্মীয় শাসকদের বিরুদ্ধে চলমান আন্দোলন দমনে সরকারি বাহিনীর সহিংস অভিযানে এ পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে খবর। তারপরও পাহলভিকে পূর্ণ সমর্থন দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পকে নির্লিপ্ত মনে হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

রেজা পাহলভি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত ইরানের সাবেক শাহের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি নির্বাসনে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

হোয়াইট হাউজের ওভাল দপ্তরে দেওয়া সাক্ষাৎকারে ইরান সরকারের ‘পতন ঘটার একটা সম্ভাবনা আছে’ মন্তব্য করে ট্রাম্প বলেন, “তাকে (পাহলভি) চমৎকার মনে হচ্ছে, কিন্তু আমি জানি না তিনি তার নিজ দেশে কীভাবে খেলবেন আর আমরা আসলে এখনও ওই পর্যায়ে পৌঁছাইনি।

“তার দেশ তার নেতৃত্ব মেনে নেবে কি না আমি জানি না, আর তারা যদি তা করে তাহলে নিশ্চিতভাবেই আমার জন্য তা ভালো হবে।”

রয়টার্স লিখেছে, ট্রাম্পের এসব মন্তব্য পাহলভির ইরানকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে আরও প্রশ্ন তুলেছে। গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছিলেন, পাহলভির সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা নেই তার।

রেজা পাহলভি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত ইরানের সাবেক শাহের ছেলে। ছবি: রয়টার্স 

পাহলভি (৬৫) ইরানের ইসলামিক বিপ্লবের আগে থেকেই বিদেশে বসবাস করতেন। ওই বিপ্লবে তার বাবা ক্ষমতাচ্যুত হন। তারপর থেকে ইরানের ইসলামিক শাসনের এক প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে ওঠেন তিনি।

ইরানের রাজতন্ত্রবাদীরা পাহলভির সমর্থক হলেও দেশটির সরকারবিরোধীরা বহু পরস্পরবিরোধী দলে বিভক্ত। তাদের মধ্যে প্রবল আদর্শগত দ্বন্দ্বও বিদ্যমান। তাই দেশটিতে তাদের সংগঠিত উপস্থিতি খুব কম বলে ধারণা পাওয়া যাচ্ছে।

ট্রাম্প বলেছেন, এটা সম্ভব বিক্ষোভের মধ্যে তেহরানে সরকারের পতন ঘটতে পারে, কিন্তু সত্য হচ্ছে ‘যে কোনো শাসনের পতন ঘটতে পারে’।

“তাদের পতন ঘটুক বা না ঘটুক, সময়কালটা আকর্ষণীয় হতে যাচ্ছে,” বলেন তিনি।

শিগগিরই ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এক বছর পূর্ণ হচ্ছে। তার কয়েকদিন আগে ৩০ মিনিটের এই সাক্ষাৎকার দেন তিনি। সাক্ষাৎকারকালে নিজের বিশাল ডেস্কের অপর পাশে বসে ডায়েট কোকে চুমুক দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

Comments

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *