Wednesday, 18 February 2026 • 7:20 AM

শেষের গোলে রেয়াল মাদ্রিদকে হারিয়ে আলবাসেতের বিশাল চমক

January 15, 2026 👁️ 58

রেয়াল মাদ্রিদের নতুন কোচ আলভারো আরবেলোয়ার শুরুটা সুখকর হলো না।

নিয়মিত ফুটবলারদের অনেককে ছাড়া মাঠে নেমে ফিনিশিংয়ে ভুগতে দেখা গেল রেয়াল মাদ্রিদকে। ঘরের মাঠে উজ্জীবিত ফুটবল খেলে স্মরণীয় জয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠল দ্বিতীয় স্তরের দল আলবাসেতে।

আলবাসেতের কার্লোস বেলমন্তে স্টেডিয়ামে বুধবার রাতে শেষ ষোলোয় ৩-২ গোলে হেরেছে ইউরোপের সফলতম ক্লাব রেয়াল।

শাভি ভিয়ার গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই রেয়ালকে সমতায় ফেরান ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। নির্ধারিত সময়ের আট মিনিট বাকি থাকতে স্বাগতিকরা আবার এগিয়ে যায় হেফতে বেতানকরের গোলে।

চার মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে রেয়ালকে দ্বিতীয়বার সমতায় ফেরান গন্সালো গার্সিয়া। শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান গড়ে দেন দ্বিতীয়ার্ধে বদলি নামা বেতানকর।

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো রেয়ালের বিপক্ষে জিতল আলবাসেতে। দুই দলের আগের ১৪ দেখায় ১১টিতে জিতেছিল রেয়াল, ড্র হয়েছিল ৩টি।

২০০৫ সালের এপ্রিলের পর প্রথমবার এই মাঠে খেলল রেয়াল। দুই দশক পর এখানে ফেরাটা তাদের জন্য হলো ভুলে যাওয়ার মতো।

রেয়ালের নতুন কোচ আলভারো আরবেলোয়ার শুরুটাও সুখকর হলো না। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হারের পরদিন গত সোমবার শাবি আলোন্সোকে কোচের পদ থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় আরবেলোয়াকে।

ম্যাচে ৭৮ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২০টি শট নিতে পারে রেয়াল, যার ৫টি ছিল লক্ষ্যে। আলবাসেতের ১২ শটের ৫টি লক্ষ্যে ছিল।

চোট ও বিশ্রাম মিলিয়ে কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম, রদ্রিগোসহ নিয়মিত আরও বেশ কয়েকজনকে ছাড়াই এই ম্যাচের স্কোয়াড সাজান আরবেলোয়া। আলোন্সোর শেষ ম্যাচ থেকে একাদশে ছয়টি পরিবর্তন আনেন তিনি।

ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরে ভিনিসিউস জুনিয়রকে লক্ষ্য করে বর্ণবাদী স্লোগান দেয় কিছু লোক। রেয়ালের হয়ে ৩৫০তম ম্যাচ খেলতে নামেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

খেলা শুরুর একটু পর থেকে প্রচণ্ড কুয়াশায় ছেয়ে যায় চারপাশ। ২০ মিনিটের পর থেকে অবস্থার উন্নতি হয়।

বল দখলে শুরু থেকে আধিপত্য করলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না রেয়াল। ষষ্ঠ মিনিটে বক্সের বাইরে থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি ফেদেরিকো ভালভের্দে। ২৬তম মিনিটে তার শট ঠেকান গোলরক্ষক। লক্ষ্যে রেয়ালের প্রথম শট এটিই।

৪০তম মিনিটে লক্ষ্যে প্রথম শট রাখতে পারে আলবাসেতে। বাঁ দিক থেকে হোসে কার্লোস লাসোর ফ্রি-কিক পাঞ্চ করে ফেরান গোলরক্ষক আন্দ্রি লুনিন।

এক মিনিট পরই রেয়ালকে স্তব্ধ করে এগিয়ে যায় স্বাগতিকরা। লাসোর কর্নারে বক্সে চমৎকার হেডে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার ভিয়ার।

জবাব দিতে অবশ্য বেশি সময় লাগেনি রেয়ালের। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সমতায় ফেরে তারা। আর্দা গিলেরের কর্নারে ডিন হাউসেনের হেড গোলরক্ষক দারুণভাবে ফেরানোর পর, কাছ থেকে পায়ের টোকায় জালে পাঠান আর্জেন্টাইন উইঙ্গার মাস্তানতুয়োনো। সেটিই হয়ে থাকে প্রথমার্ধের শেষ কিক।

রেয়ালের হয়ে অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে ১৮ বছর বয়সী এই ফুটবলারের দ্বিতীয় গোল এটি।

৬৮তম মিনিটে একটি সুযোগ পান গন্সালো গার্সিয়া। গিলেরের ফ্রি-কিকে বক্সে লাফিয়ে হেড লক্ষ্যে রাখতে পারেননি রেয়াল ফরোয়ার্ড।

৮১তম মিনিটে বক্সের বাইরে থেকে রিকি রদ্রিগেসের শট ঝাঁপিয়ে ঠেকান লুনিন। পরের মিনিটেই দ্বিতীয় গোলের দেখা পায় আলবাসেতে। প্রতিপক্ষের ক্রস রেয়ালের দুই খেলোয়াড় হেডে ক্লিয়ার করতে ব্যর্থ হন, ছয় গজ বক্সের কোণা থেকে ভলিতে জালে পাঠান বেতানকর।

যোগ করা সময়ের প্রথম মিনিটে স্কোরলাইন ২-২ করেন গার্সিয়া। গিলেরের ক্রসে দারুণ হেডে গোলটি করেন তিনি।

একেবারে শেষ মুহূর্তে বদলে যায় সবকিছু। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন বেতানকর। তার প্রথম শট আটকে দেন দানি কার্ভাহাল। এরপর বেতানকরের চমৎকার কোনাকুনি শট দূরের পোস্ট দিয়ে জালে আশ্রয় নেয়। উল্লাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। আলবাসেতের ডাগআউটের প্রায় সবাই ছুটে যায় মাঠে।

স্পেনের দ্বিতীয় বিভাগ, অর্থাৎ লা লিগা ২-এর পয়েন্ট টেবিলে আলবাসেতে আছে ১৭ নম্বরে, তারাই হারিয়ে দিল রেয়াল মাদ্রিদকে।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচ হেরে যাওয়া রেয়াল আগামী শনিবার লা লিগায় লেভান্তের মুখোমুখি হবে।

Comments

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *