বিশ্বকাপের দল ঘোষণা করলো পাকিস্তান
বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ায় পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে—এমন একটি গুঞ্জন ছিল। এই গুঞ্জনের মধ্যেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৫ সদস্যের এই দলের নেতৃত্বে আছেন সালমান আগা। দলটিতে রাখা হয়েছে সাবেক অধিনায়ক বাবর আজমকে, তবে নেই মোহাম্মদ রিজওয়ান।
রবিবার সকালে লাহোরে এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন পিসিবির নির্বাচক দলের সদস্য আকিব জাভেদ। সঙ্গে ছিলেন অধিনায়ক সালমান ও কোচ মাইক হেসন।
নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানানোর পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে নিয়েছে।
এ ঘটনায় আইসিসির দ্বিমুখী নীতির সমালোচনা করে গতকাল বিকেলে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, সরকারের সঙ্গে আলোচনা করে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।
২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিশ্বকাপের দল ঘোষণা করেছে পিসিবি।
পাকিস্তানের বিশ্বকাপ দল:
সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদী, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।

Leave a Reply