ক্ষমতায় এলে ক্রিকেট বোর্ডের দুর্নীতির তদন্ত হবে: আমিনুল হক
দেশের ক্রীড়াঙ্গনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, ভবিষ্যতে তারা ক্ষমতায় এলে ক্রিকেট বোর্ডের সব অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে পঞ্চম দিনে সোমবার (২৬ জানুয়ারি) সকালে তিনি মিরপুর-৬ এলাকায় গণসংযোগ করেন। এ সময় মিরপুর ৬ নম্বর সেকশনের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালান।
সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে আমিনুল হক দেশের ক্রিকেট বোর্ডের বর্তমান নেতৃত্ব ও গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি অত্যন্ত প্রশ্নবিদ্ধ ক্রিকেট বোর্ড তৈরি হয়েছে। একজন সাবেক অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতার কারণে আজ ক্রিকেট বোর্ড কলঙ্কিত হয়েছে। ভুল নীতি ও ব্যক্তিগত স্বার্থের কারণে দেশের ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হচ্ছে।
ক্রিকেট কূটনীতি প্রসঙ্গে তিনি বলেন, কূটনৈতিক উদ্যোগের অভাবে বাংলাদেশ দল নিরাপত্তা জটিলতায় পড়ছে। আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সঠিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানে বর্তমান বোর্ড ব্যর্থ হয়েছে, যার দায় পুরো দেশের ক্রিকেটকে বইতে হচ্ছে।
নির্বাচন-পরবর্তী পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, জনগণের ভোটে জয়ী হলে বোর্ডের প্রতিটি কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করা হবে এবং ক্ষতির সঙ্গে জড়িতদের আইনের মুখোমুখি করা হবে।
গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া চান এবং দেশের ক্রীড়াঙ্গনসহ সামগ্রিক উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

Leave a Reply